শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য জানান, সেমিস্টার ফাইনাল পরীক্ষা ১৫ অক্টোবরের দিকে শেষ হবে। এরপর দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে।

শিক্ষার্থী ও ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংঘাতে জড়ালে বা ক্লাস ব্যাহত হলে ক্ষতি হবে। আশা করি, শিক্ষার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশ নেবে।’

প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার নির্বাচন হয়েছে। প্রায় ২৮ বছর ধরে শাকসু কার্যত অচল অবস্থায় ছিল।