পিরোজপুরের মঠবাড়িয়ায় নাসির উদ্দিন আহমেদ (৬৮) নামের এক স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যুতে তার একমাত্র ছেলে রিয়াজ উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহতের বোন মাসুমা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদী হয়ে ভাতিজা রিয়াজ উদ্দিন ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে রিয়াজকে উপজেলার দাউদখালী এলাকা থেকে আটক করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই শনিবার সকালে মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক নাসির উদ্দিন আহমেদ পৌর শহরের সমবায় মার্কেটস্থ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। ওইদিন বিকেলে তার একমাত্র ছেলে রিয়াজ মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং মাইকিংয়ের মাধ্যমে খোঁজার চেষ্টা করেন। ১৩ জুলাই রবিবার বিকেলে স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠের সভা মঞ্চে মৃতদেহ পড়ে থাকতে দেখে ইসমাইল নামে একজন স্থানীয়। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত রিয়াজকে আদালতে হাজির করা হলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আশা প্রকাশ করেছেন, জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উন্মোচিত হবে।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুবাই পুলিশের হুঁশিয়ারি
শাহবাগ এলাকায় আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ