দ্বিতীয় বার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল- সিএবির প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এক ধাপ এগোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন ২০১৫-২০১৯ মেয়াদের সাবেক প্রধান। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরছেন সৌরভ।
আগামী ২২ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সে দিনই নির্বাচন সিএবিতে। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৌরভ এবং তাঁর প্যানেল এ দিনই মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হওয়ায় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই।
আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্য সংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সেই সভায় সৌরভের সঙ্গে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধিত্ব করবেন হরভজন সিং। গুঞ্জন আছে, সৌরভ আবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হতে পারেন।