চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াসার ঠিকাদাররা অনুমতি ছাড়া সড়ক কাটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁর অভিযোগ, ওয়াসা সমন্বয়হীনভাবে রাস্তা খুঁড়ছে, ফলে কোটি কোটি টাকার উন্নয়নকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নাগরিকদের দুর্ভোগ বাড়ছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) টাইগারপাসে চসিক কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন মেয়র।
মেয়র বলেন, কোন সড়ক টেন্ডারের আওতায় আছে বা নতুন নির্মাণের তালিকায় রয়েছে, সেটি চসিক জানাবে। ওই তালিকার বাইরে কোনোভাবেই রাস্তা কাটাকাটি করা যাবে না। অনুমতি ছাড়া রাস্তা কাটা হলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া প্রতিটি সড়ক খননের পর ওয়াসাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে—কোথায় কত ক্ষতি হয়েছে এবং সংস্কারে আসল খরচ কত লাগবে। একতরফাভাবে এই দায়ভার চসিক নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।
রাজস্ব বিভাগকে লক্ষ্য করে মেয়র বলেন, নগরে যারা ব্যবসা করবেন, তাদের অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হবে। কোনো অজুহাতে ছাড় দেওয়া হবে না। যেখানে চট্টগ্রামে ৪ থেকে ৫ লাখ ট্রেড লাইসেন্স থাকার কথা, সেখানে বর্তমানে রয়েছে মাত্র প্রায় ১ লাখ ২০ হাজার।
তিনি আরও বলেন, বাইরে দৃশ্যমান প্রতিটি সাইনবোর্ডের জন্য নির্ধারিত কর পরিশোধ করতে হবে। বড় বড় ডিফল্টাররা বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স দেয় না—তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তবে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
এসময় মেয়র ঘোষণা দেন, শিগগিরই চট্টগ্রামবাসীর জন্য ‘আমার চট্টগ্রাম’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা যেকোনো সময় ময়লা-আবর্জনা বা সড়কের গর্তের ছবি তুলে সরাসরি চসিককে জানাতে পারবেন। এতে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম ও সড়ক সংস্কারের কাজ দ্রুততর হবে।
সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, প্রণয় চাকমা, মৌমিতা দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ও মো. জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম ও জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাসহ অন্যান্য কর্মকর্তা।