ইয়ামালকে ছাড়াই গোল উৎসবে মাতল বার্সোলোনা

লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেছেন ফেরমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কি।

বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। তবে ইয়ামালের অনুপস্থিতি দলকে বুঝতে দেননি বাকিরা। প্রথমার্ধের শুরুতে আধিপত্য বিস্তার করেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা। এই ম্যাচেই প্রথমবারের মতো লা লিগায় গোল অ্যাসিস্ট করেছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় আসা রাশফোর্ড বার্সার হয়ে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। ৬৭ মিনিট মাঠে ছিলেন তিনি। যদিও নিজে গোল পাননি, তবে তার অসাধারণ একটি ক্রস থেকে রাফিনহার প্রথম গোলটি আসে।

প্রথমার্ধে ফেরান তোরেসের পাস থেকে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক শটে আবারও জালের দেখা পান ফেরমিন, ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। রাফিনহার দ্বিতীয় গোল আসে শক্তিশালী এক শটে, এরপর লেভানডোভস্কি গোল উৎসবে যোগ দেন। দানি ওলমোর পাস থেকে একটি গোল করে, এরপর অফসাইড বিতর্কে পড়লেও VAR এর সাহায্যে নিশ্চিত করেন নিজের দ্বিতীয় গোলটি।

ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্সেলোনার 'বি' দলের মাঠ ৬,০০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন 'জোহান ক্রুইফ স্টেডিয়ামে'। কারণ ঐতিহাসিক ন্যু ক্যাম্প এখনও পুনর্নির্মাণ কাজের জন্য প্রস্তুত নয়। রাশফোর্ডের পাস থেকে তোরেস আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন, তবে দুর্ভাগ্যবশত বল পোস্টে লেগে ফিরে আসে। বার্সেলোনা চাইলে গোলের ব্যবধান আরও বড় করতে পারতো।

এই জয়ে বার্সেলোনা আবারও শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করলো। অন্যদিকে, নতুন ক্লাবে রাশফোর্ডের এমন প্রাণবন্ত পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাজাগানিয়া।