নগর প্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে আবারও প্রিমিয়ার লিগে ছন্দে ফিরল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে তারা ইউনাইটডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড, আর প্রথম গোলটি করেন ফিল ফোডেন।
দুই পরাজয়ের ধাক্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল সিটি। ফলে এই ম্যাচ ঘিরে চাপ ছিল তুঙ্গে। তবে ইত্তিহাদ স্টেডিয়ামে একতরফা পারফরম্যান্সে সিটিজেনরা সব শঙ্কা উড়িয়ে দেন। ম্যাচের আগে প্রয়াত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ও সিটির আজীবন সমর্থক রিকি হ্যাটনের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে সিটি খেলোয়াড়রা।
১৮ মিনিটে জেরেমি ডোকুর গতি ও পায়ের জাদুতে তৈরি আক্রমণ থেকে হেড করে গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আবারও ডোকুর পাস ধরে লুক শকে অনেকটা গায়ের জোরে সরিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হালান্ড।
৬৮ মিনিটে মিডফিল্ড থেকে একক প্রচেষ্টায় ডিফেন্স ভেঙে হালান্ড আবারও গোল করেন। এর আগে খালি পোস্টের সামনে থেকেও একটি সহজ সুযোগ পেয়েও বল মারেন বারে। সিটি শিবিরে আলোচিত বিষয় ছিল নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার অভিষেক। পিএসজি থেকে আসার পর প্রথম ম্যাচেই তিনি উড়ন্ত সেভ করে ব্রায়ান এমবেমোর ভলিকে রুখে দেন।
পুরো ম্যাচে প্রতিপক্ষের এলাকায় গিয়েই বারবার থেমে গেছে ইউনাইটেডের আক্রমণ। এখন পর্যন্ত মৌসুমে মাত্র একটি জয় পাওয়া দলটি পয়েন্ট টেবিলে নেমে গেছে ১৪তম স্থানে। অপরদিকে এই জয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ম্যান সিটি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে আর্লিং হালান্ডের হাতেই।
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমেরিম বলেছেন, তিনি কৌশল পরিবর্তনে রাজী নন, 'আমি পরিবর্তন করতে যাচ্ছি না। যখন আমি চাইব আমার দর্শন পরিবর্তন করতে, তখন আমি পরিবর্তন করব। না হলে, আপনাকে মানুষদের (খেলোয়াড়দের) পরিবর্তন করতে হবে…. আমি আমার পথে খেলি এবং আমি আমার পথে খেলব যতক্ষণ না আমি চাইব পরিবর্তন করতে।'