এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থ শিবম দুবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে ব্যখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই মিলে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায়। ম্যাচ শেষে নিয়মমাফিক দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতি থাকলেও সূর্যকুমার ও শিবম দুবে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। পাকিস্তান শিবিরের দাবি, তারা হাত মেলাতে এগিয়ে এলেও তখন ভারতীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন।
পাকিস্তানের কোচ নিউজিল্যান্ডের মাইক হেসন বলেন, ‘আমরা ম্যাচ শেষে হাত মেলাতে প্রস্তুত ছিলাম। আমাদের প্রতিপক্ষ সেটা করেনি, এতে আমরা হতাশ। আমরা হাত মেলাতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা ততোক্ষণে ড্রেসিংরুমে চলে গিয়েছিল। এইভাবে ম্যাচ শেষ হওয়া হতাশাজনক ছিল। আমরা যেভাবে খেলেছি, সেটি নিয়েও আমরা হতাশ, তবে আমরা অবশ্যই হাত মেলাতে আগ্রহী ছিলাম।" হেসন বলেন, আগা উপস্থাপনা অনুষ্ঠানে না আসাটা ভারতের হাত না মেলানোর "পরবর্তী প্রভাব"।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেন, ‘এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের, যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শিকারদের পরিবারগুলোর প্রতিও আমরা সংহতি জানাই।’
চলতি বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর এক ভয়াবহ জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সামরিক সংঘাত হয়। ভারত পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। পরে ভারত পাকিস্তান ভূখণ্ডে বিমান হামলা চালায় এবং পাল্টা হিসেবে পাকিস্তানও মিসাইল হামলা চালায়। এই সংঘাতে বহু প্রাণহানি ঘটে।
পরে সংবাদ সম্মেলনে এসে সূর্যকুমার বলেন, ‘দেখুন, আমি মনে করি জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমাদের সরকার ও বিসিসিআই- একসঙ্গে এই সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো) নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি। আমি পুরস্কার বিতরণীতেও বলেছি যে, আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় সব ভুক্তভোগীর পাশে আছি।’
সূর্যকুমার আরও বলেন, ‘এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যারা অপারেশন সিন্ধুরে অংশ নিয়েছিলেন। তারা সবসময় আমাদের অনুপ্রেরণা জোগান। সুযোগ পেলে আমরাও চাই তাঁদের অনুপ্রেরণা দিতে। আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি সংহতি প্রকাশ করছি।’
ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের টিম ম্যানেজার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন, কারণ ম্যাচ রেফারি "টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন"।পিসিবির বিবৃতিতে বলা হয়, "ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারির আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। টসের সময় ম্যাচ রেফারি অধিনায়কদের হাত না মেলাতে অনুরোধ করেছিলেন।" গতকালের ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন জিম্বাবুয়ের আ্যান্ড পাইক্রফট।
লা লিগায় গোল উৎসবে মাতল বার্সোলোনা
'পেহেলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আছি'
আবার সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, ফিরছেন কি ভারতীয় বোর্ডেও!