ভারত হ্যান্ডশেক না করায় আনুষ্ঠানিক অভিযোগ করল পাকিস্তান

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার সতীর্থ শিবম দুবে। কাশ্মীর হামলার প্রেক্ষাপটে এটা ছিল ভারতের দলীয় সিদ্ধান্ত। ম্যাচটিতে ভারত ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে। এদিকে সূর্যকুমাররা হ্যান্ডশেক না করায় ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান।

‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে, পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। হোয়াটস্‌অ্যাপ বার্তায় এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় দলের আচরণ স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে। ভারতের দলের আচরণের প্রতিবাদে সালমান আগা ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হননি।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ‘এক্স’-এ লিখেছেন, ‘আজ (গতকাল) স্পোর্টসম্যানশিপের অভাব আমাকে হতাশ করেছে। খেলার মাঝে রাজনীতি টেনে আনা খেলাধুলার চেতনার বিরোধী। আশা করি ভবিষ্যতে সকল দল তাদের জয় সাবলীলভাবে উদযাপন করবে।’

৭ উইকেটের এই জয় ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব তাদের সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ করেছেন এবং পাহালগাম সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এই ঘটনা ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বৈরথকে নতুন মাত্রা দিয়েছে, যেখানে খেলাধুলার নৈতিকতা এবং ক্রীড়া শৃঙ্খলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।