ফুল সজ্জিত গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্ষীয়ান বিজ্ঞান শিক্ষক শম্ভু সরকার দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে অবসরে পা রেখেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তাকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে। ফুলে সজ্জিত গাড়িতে তিনি রাজকীয় বিদায় লাভ করেন। এই সুযোগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষক শম্ভু সরকারকে শ্রদ্ধা জানান। আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষক শম্ভু সরকারের দীর্ঘ শিক্ষা জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে কোমলমতি শিক্ষার্থীরা তাকে ফুলে সজ্জিত প্রাইভেট কারে করে বাড়ি পৌঁছে দেন।

বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, বিদায় গ্রহণ করা সত্যিই কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন সাদরে বিদায় সংবর্ধনা পেয়ে আমি মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান কায়েস স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্যারের শ‚ন্যতা কখনো পূরণ হবার নয়। আমি আমার শিক্ষাজীবনে তার সান্নিধ্য পেয়েছি। তিনি কখনো সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে স্কুলে আসতেন ও সময়মতো চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি, যা আমাদের কর্মজীবনে কাজে লাগছে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আবু তাহের সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক শান্তনু মজুমদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের।