লিটন হত্যা মামলার আসামি পিবিআই হাজতে আত্মহত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে লিটন মিয়া হত্যা মামলার অন্যতম আসামি মো. মখদ্দস মিয়া (৫০) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাজতে আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম এলাকায় একটি ধানক্ষেত থেকে গলাকাটা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা থানায় মামলা দায়ের করলে তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

মামলার আসামি মখদ্দস মিয়া রবিবার (১৪ সেপ্টেম্বর) কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। রাত ৮টার দিকে থানাপুলিশ তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। ভোরে হাজতে থাকা অবস্থায় তিনি লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

পিবিআই পুলিশের সুপার জাফর হোসেন জানান, ঘটনার পর জেলা প্রশাসককে অবহিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত