মুরাদনগরে ছাগল চুরি করায় ৬ জনকে গণপিটুনি

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরির অপরাধে ছয়জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- উপজেলার বাখরনগর গ্রামের পারভেজ (২২), একই গ্রামের সাইদুল (২৩), তামিম (২৩),  ইসমাইল (২৫), ফারুক (২৫) ও গুঞ্জর গ্রামের সুমন মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ জানায়, দীঘিরপাড় গ্রামের জয়নাল হোসেনের মেয়ে জাকিয়া সুলতানা নিজেদের দুইটি ছাগল নিয়ে নুরুন্নেসা হাফিজিয়া মাদরাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় একটি সিএনজিতে চোর চক্রের ছয় সদস্য এসে জাকিয়াকে পানি আনতে মাদ্রাসার ভেতরে পাঠায়। পানি এনে জাকিয়া দেখেন তার একটি ছাগল নেই। সঙ্গে সঙ্গে তিনি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে।

পরে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোড়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিএনজিটি আটকে ছয় চোরকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক ছয় চোরের বিরুদ্ধে ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে একটি মামলা করে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।