ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহীন মিয়া (২৯) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় উমর আলী (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে উমর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।
এসআরবি জানায়, নিহত শাহীন মিয়া নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন। গাছ কাটার করাত চুরির ঘটনায় তাকে সন্দেহ করে আসামিরা চোর আখ্যা দিয়ে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন এলাকায় আসামিদের করাতকলের সামনে শাহীনকে একা পেয়ে পথরোধ করে আটক করা হয়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপর তাকে রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯টা ৫৩ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গ্রেপ্তার উমর আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।