মৌলভীবাজারের জুড়ীতে ডিগ্রি ফাইনাল বর্ষের প্রথম পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদা আক্তার (২৪) নামে এক কলেজছাত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।
তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ বলেন, ফরিদা আমাদের কলেজের নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ফরিদা তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যান দেখে তিনি ভাইকে মোটরসাইকেল সাইডে দাঁড়ানোর জন্য বলেন। এ সময় ভ্যানটি অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাইড নিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ ফরিদার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সিলেট যাওয়ার পথে ফরিদার মৃত্যু হয়।