উয়েফার ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। লুইস এনরিকের দল শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আজ। লিগ পর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে পিএসজি ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে খেলবে ইতালির ক্লাব আতালান্তার বিপক্ষে। এছাড়া আজ নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখ খেলবে চেলসির বিপক্ষে। লিভারপুল আতিথেয়তা দেবে স্পেনের দল আতলেতিকো মাদ্রিদকে। গেলবার চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ দল ইন্তার মিলানও মাঠে নামবে।
দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইংলিশ ক্লাব চেলসি। এবার চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে নিজেদের শক্তির প্রমাণ চেলসি দিয়েছে কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে। ৩২ দলের সেই টুর্নামেন্টে শিরোপা জেতে চেলসি। ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে এখনো অপরাজিত আছে এনজো মারেস্কার দল। দুটিতে জয়, দুটি ড্র করেছে ব্লুজরা। অপরদিকে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগাতে তিন ম্যাচ খেলে শতভাগ জয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। উয়েফার প্রতিযোগিতায় বায়ার্ন ও চেলসি এর আগে মোট ৬ বার মুখোমুখি হয়েছে। চারটিতে জিতেছে বাভারিয়ানরা। দুটিতে জয় চেলসির। সেই দুই জয়ের সবশেষটি ছিল ২০১২ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, বায়ার্নের মাঠেই। সেই ফাইনালে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে জিতেছিল চেলসি। ৮৩ মিনিটে মুলারের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন, ৮৮ মিনিটে হেডে গোল শোধ দেন দিদিয়ের ড্রগবা। ১২০ মিনিট শেষে ম্যাচে ছিল সমতা, পরে টাইব্রেকারে ৪-৩ এ জেতে চেলসি। বায়ার্নের সঙ্গে শেষ তিন ম্যাচেই হেরেছে চেলসি। এই দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০২০ সালে।
লিভারপুলের মুখোমুখি হওয়ার আগেই ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। সবশেষ লা লিগা ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার সময় হাঁটুতে অস্বস্তি বোধ করায় হুলিয়ান আলভারেজ প্রথমার্ধের পর আর মাঠে নামেননি। আজ লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে পাওয়া ছাড়াই মাঠে নামতে হবে ডিয়েগো সিমিওনের দলকে। আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন আতলেতিকোর আলেক্স বায়েনা, থিয়াগো আলমাদা ও হোসে মারিয়া গিমেনেজ। লিভারপুল ম্যাচে এই তিন জনেরও খেলার সম্ভাবনা নেই। গেল মৌসুমে শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নেয় লিভারপুল। এবার প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম চার ম্যাচ জিতে শতভাগ সফল আর্না সøটের লিভারপুল। এবার চ্যাম্পিয়নস লিগও জয় দিয়ে শুরু করতে পারে কি না লিভারপুল সেটি দেখার।
আতালান্তার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে পিএসজি। ২০২০ চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে পিএসজি ২-১ গোলে হারিয়েছিল আতালান্তাকে। ইন্তার মিলান সিরি আ’তে সবশেষ ম্যাচে হেরেছে জুভেন্তাসের বিপক্ষে। আজ তারা খেলবে আয়াক্সের মাঠে।