কেন বিদ্যুৎ কেন্দ্র ঘুরতে ভালো লাগে বিল গেটসের

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তার ছেলে রোরির সঙ্গে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পুরোনো স্মৃতি স্মরণ করে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে করা সেই পোস্টে তিনি ক্যাপশন দিয়েছেন যে, আমার ছেলে এবং আমি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে খুব ভালোবাসতাম। আমরা সবসময় যন্ত্রপাতি দেখা এবং কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তা দেখে খুব মজা পেতাম।

তিনি আরও লেখেন, ক্যাপ স্টেশন, যা শিগগিরই পৃথিবীর বৃহত্তম ভূ-তাপীয় বিদ্যুৎ কেন্দ্র হবে, আমাকে সেই পুরোনো অনুভূতি ফিরিয়ে এনেছে।

পোস্টের সঙ্গে বিল গেটস ক্যাপ স্টেশনের কয়েকটি ছবিও শেয়ার করেছেন, যেখানে তাকে একটি সুরক্ষা হেলমেট পরে যন্ত্রপাতি দেখতে দেখা যায়। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তার এই পুরোনো স্মৃতিচারণ ও নতুন প্রযুক্তির প্রতি আগ্রহের প্রশংসা করছেন।

বিল গেটস বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে কাজ করছেন। ক্যাপ স্টেশনের এই পরিদর্শন তারই অংশ বলে মনে করা হচ্ছে। ভূ-তাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার একটি প্রক্রিয়া, যা নবায়নযোগ্য এবং পরিবেশবান্ধব।