লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লেগেছে। এসময় অন্তত ৫০ জন মারা গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, নৌকাটিতে মোট ৭৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৪ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে। সংস্থাটি এক্স-এ পোস্ট করে জানায়,সমুদ্রপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৬৮ শরণার্থী ও অভিবাসী মারা যান এবং নিখোঁজ হন আরও অনেকে।
আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মাত্র এক বছরেই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ অভিবাসী বা শরণার্থী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। ইউরোপমুখী সমুদ্রপথ বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট হিসেবে চিহ্নিত।