সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে অশ্লীল ভিডিও ধারণের দায়ে রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। স্থানীয়ভাবে মুদি দোকান চালানোর পাশাপাশি কনটেন্ট তৈরি করতেন। অভিযোগ রয়েছে, তিনি সৈকতে নারী পর্যটকদের গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করে অশ্লীল মন্তব্য করছিলেন।

স্থানীয় ফটোগ্রাফার আরিফ জানান, আমরা দেখি তিনি মেয়েদের ভিডিও করছেন আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে ধরে ফেলি। অন্য ফটোগ্রাফার রাসেল বলেন, তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। তাই টুরিস্ট পুলিশকে খবর দিই। পরে রুবেলকে মোবাইল ফোনসহ টুরিস্ট পুলিশের হাতে সোপর্দ করা হয়। স্থানীয়দের ধারণা, এসব ভিডিও সে অন্য কারো কাছে বিক্রি করতেন অথবা অন্য ডিভাইসে ব্যবহার করতেন।

ঘটনাস্থলে উপস্থিত পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করছে। তাই পর্যটন এলাকায় প্রশাসনের আরও কঠোর নজরদারি দরকার।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর রুবেলকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের এ কঠোর পদক্ষেপে স্থানীয় ও পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন।