সাজেক যাওয়ার পথে দুর্ঘটনায় আহতরা খাগড়াছড়িতে চিকিৎসাধীন

রাঙামাটির সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক যাওয়ার পথে হাউজ পাড়া এলাকায় পাহাড়ি সড়কে নামার সময় পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকি মারা যান এবং তার সঙ্গে থাকা আরও ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

দেব্রত সরকার নামের এক পর্যটক জানান, সকালে ৪৪ জনের একটি টিম সাজেক ভ্রমণে যান। চারটি গাড়িতে ভাগ হয়ে ফেরার পথে একটি জীপ খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়।

আহত শিক্ষার্থী অয়ন চক্রবর্তী বলেন, তারা টিম ওয়ার্কে সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে জীপটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. ছাবের জানান আহত ১১ জন শিক্ষার্থীদের খাগড়াছড়ি সদর হাসপাতালর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকে হাতে পিঠে, বুকে আহত হয়েছেন। যদি গুরুত্বর কেউ আহত হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকা পাঠানো হবে। এর থেকে বেশি বলেননি তিনি।