সাজেকে খাদে বিশ্ববিদ্যালয়ের গাড়ি, খুবির ছাত্রী নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষা সফর শেষে ফেরার পথে খাগড়াছড়ি থেকে সাজেকের পথে পর্যটকবাহী জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে খুবির নারী শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ২১ ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ১২ শিক্ষার্থী সাজেকে বেড়াতে এসেছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত শিক্ষার্থীর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত