সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতে এই রায় দেন। আদালতের (পিপি) এড. শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জনের যাবজ্জীবন ও অপর দুজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আ. খালেক শেখের ছেলে আ. আলিম, মোজাম সেখ, আ. রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার। 

দুই বছরের সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আ. আলিম সেখের ছেলে আব্দুল্লাহ ও আ. সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আমির হামজা সেখ ও মোছা. লিলি খাতুনকে বে-কসুর খালাস দিয়েছেন আদালত। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আ. আলিম সেখ গংদের সঙ্গে আশরাফ আলীর রাস্তা নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ফেলে দিয়ে যায়। এ সময় আশরাফ আলীর মাথার পিছনের হাড় ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করালে অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা হেলথ এন্ড হোম স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী মারা যান। ঘটনার দুই দিন পর (১১ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সুফিয়া খাতুন অজ্ঞাত ৫/৬ নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার (এস.আই) ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহিম ছিলেন।