কপালে কী আছে নাসুমদের!

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নিজেদের হাতে যা যা করার ছিল তা করে ফেলেছে বাংলাদেশ। তানজিদ তামিমের ছোট্ট ঝড়ো ইনিংস, নাসুম-রিশাদদের স্পিন আর মোস্তাফিজ-তাসকিনের পেসে ভর করে আফগানিস্তানকে মঙ্গলবার রাতে ৮ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এখন বাকিটুকু নির্ভর করছে আজকের লঙ্কা-আফগান ম্যাচের ওপর।

শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেই কেবল সুপার ফোর পর্বে যেতে পারবে বাংলাদেশ। ম্যাচসেরা নাসুম আহমেদও তাই সবকিছু ছেড়ে দিলেন নিয়তির হাতে। দুবাইয়ের উদ্দেশে যাত্রার আগে টিম হোটেলের বাইরে এসে গণমাধ্যমের কাছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নিয়ে নাসুমের মন্তব্য, ‘যারা ভালো খেলবে ওরাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সমর্থন করা বা কারও জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করছি না। যেটা লেখা আছে কপালে ওটাই হবে। কাজেই আমরা এটা নিয়ে এত ভাবছি না। যা হওয়ার তাই হবে।’

মঙ্গলবার রাতে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে ১১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম। তাতে বাংলাদেশও ম্যাচ জেতে ৮ রানের ব্যবধানে। কেননা গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলেছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। যদি সুপার ফোরে লিটনরা উঠতে পারেন, তখন তাদের খেলতে হবে দুবাইয়ে। তাই বুধবার বাংলাদেশ দল আবুধাবির পার্ক রোটানা হোটেল ছেড়ে গিয়ে উঠেছে দুবাইয়ে।

শ্রীলঙ্কা আগামীকাল জিতলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ উঠবে সুপার ফোরে। ম্যাচ পরিত্যক্ত হলেও একই সুবিধা পাবেন নাসুমরা। কিন্তু আফগানিস্তান জিতলেই ঝামেলায় পড়বে বাংলাদেশ। তখন বাংলাদেশের স্বার্থে আফগানিস্তানকে অন্তত ৬৫ বা তার বেশি রানের ব্যবধানে হারাতে হবে লঙ্কানদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে ৫০ বল হাতে রেখে ম্যাচ জিততে হবে আফগানদের। তবেই আফগানিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠতে পারবে বাংলাদেশ।