নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে অবস্থিত লক্ষ্মী ভান্ডার মুদি দোকানে সেনা বাহিনী ও জেলা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, চোরাই মোবাইল ফোন এবং মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযানটি বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত পরিচালিত হয়।
সেনাবাহিনীর তল্লাশিতে দোকানটিতে রাখা ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়। অভিযানের সময় মুদি দোকানটির মালিক পলাশ কুন্ডু পালিয়ে যান, তবে দোকান থেকে দুজনকে আটক করা সম্ভব হয়।
আটক ব্যক্তিরা হলেন— নড়াইল সদর উপজেলার মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) এবং বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)। জব্দকৃত সামগ্রী ও আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, শহরের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত রূপগঞ্জ বাজারের লক্ষ্মী ভান্ডার মুদি দোকানটি দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্রের কেনাবেচা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে নড়াইল সেনা ক্যাম্প। এই অভিযানে জেলা পুলিশের একটি দলও যুক্ত ছিল।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানের সঙ্গে সদর থানা পুলিশও যুক্ত ছিল। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযান চলমান আছে।