ফের কেলেঙ্কারিতে জড়ালেন ‘১৭ বিয়ে করা’ বন কর্মকর্তা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম

‘১৭ বিয়ে করা’ বন কর্মকর্তা হিসেবে আলোচিত এবং সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী ফের কেলেঙ্কারিতে জড়ালেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার থেকে মালামাল সরানোর সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে কাশিপুর এলাকার সরকারি বাংলো থেকে ব্যক্তিগত মালপত্রের সঙ্গে সরকারি মালামালও ট্রাকে তোলেন তিনি। পরে ওই মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয় এবং ট্রাকসহ তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদের  হুমকি দেন আলোচিত এ কর্মকর্তা।

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব বলেন, দায়িত্বে থাকাকালে তিনি আমার কাছ থেকে ধার বাবদ প্রায় ছয় লাখ ৯৬ হাজার টাকা নিয়েছেন। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি। শুধু আমিই নই, স্থানীয়দের কাছ থেকেও তিনি টাকা নিয়ে আর পরিশোধ করেননি।

ব্যবসায়ী রুবেলের অভিযোগ, নগরীর চাঁদমারীতে তার প্রতিষ্ঠান থেকে কাজ করিয়েও ৯ হাজার ৫ টাকা পরিশোধ করেননি কবির হোসেন।

একইভাবে নগরীর ‘ইউনিক থাই গ্লাস অ্যান্ড মেটাল সেন্টারে’র মালিকের কাছেও তার এক লাখ ৬১ হাজার টাকা বাকি রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করেন বরখাস্ত হওয়া বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান এবং উল্টো তাদের অভিশাপ ও হুমকি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত