চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে শিরোপাধারী প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। ইতালিয়ান ক্লাব আতালান্তাকে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। গত মে মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ইউরোপ সেরা হয় পিএসজি। সেই ধারাবাহিকতা ধরে রেখে নতুন মৌসুমেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল লুইস এনরিকে শিষ্যরা।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৩য় মিনিটে ফাবিয়ান রুইজের নিচু ক্রস থেকে ক্যাপ্টেন মারকুইনহোস গোল করে দলকে এগিয়ে নেন। এরপর একাধিক সুযোগ নষ্ট করলেও ৩৯তম মিনিটে খভিচা কভারাত্সখেলিয়া দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ দিকে মারকুইনহোস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি, তবে ব্র্যাডলি বারকোলার দুর্বল শট সহজেই রুখে দেন আতালান্তা গোলরক্ষক মার্কো কারনেসেকি।
দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০ মিনিটে) নুনো মেন্ডেস সুক্ষ্ণ কৌণিক অবস্থান থেকে গোল করে ৩-০ করেন। যোগ করা সময়ে আতালান্তার রাউল বেল্লানোভার ভুল ব্যাকপাস কেটে নিয়ে গোল করেন বদলি গনসালো রামোস। আতালান্তা পুরো ম্যাচে খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি, পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়েরকে কার্যত ব্যস্ত রাখতেই পারেনি তারা। চ্যাম্পিয়নস লিগে পিএসজির পরবর্তী ম্যাচ আগামী অক্টোবরে বার্সেলোনা ও বায়ার লেভারকুসেনের মাঠে। আর নভেম্বরে ঘরের মাঠে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও টটেনহামের।