হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এএম

ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের দুর্দান্ত নৈপুণ্যে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে মিউনিখে অনুষ্ঠিত ম্যাচে চেলসির একের পর এক রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে বাভারিয়ানরা।

৩২ বছর বয়সী কেইন ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে মালো গুস্তোর বড়সড় ভুলের সুযোগ নিয়ে বাঁকানো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি।

এর আগে ২৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহ আত্মঘাতী গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। তবে ১০০তম ম্যাচে মাঠে নামা ইংলিশ মিডফিল্ডার কোল পালমার অসাধারণ শটে জালে বল জড়িয়ে সমতা ফেরান।

কিন্তু গোল করার সুযোগ নষ্ট ও রক্ষণভাগের দুর্বলতার খেসারত দিতে হয়েছে চেলসিকে। পেদ্রো নেটো ও এনজো ফার্নান্দেজ প্রথমার্ধে সুযোগ নষ্ট করেন, আর যোগ করা সময়ে পামারের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

অভিজ্ঞতার লড়াইয়েও পিছিয়ে পড়ে ব্লুজরা। ৩৯ বছর বয়সী ম্যানুয়েল নয়্যার খেলেছেন তার ১৫১তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, যেখানে চেলসির পুরো ২৪ সদস্যের স্কোয়াডের অভিজ্ঞতা ছিল মাত্র ১১৭ ম্যাচ।

ম্যাচের একেবারে শেষ দিকে চেলসি থেকে ধারে বায়ার্নে যোগ দেওয়া স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন নামেন, তবে প্রমাণের মতো সময় পাননি।

চ্যাম্পিয়নস লিগে এক মৌসুম বিরতির পর ফেরা চেলসি এবার প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করল। আগামী ম্যাচে তারা মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার, যেই ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে হোসে মরিনিহোর নাটকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত