এশিয়া কাপে পাকিস্তান বনাম আরব আমিরাত ম্যাচের ২৪ ঘণ্টা না যেতেই এলো নতুন তথ্য। পিসিবি দাবি করেছিল, ম্যাচের আগে রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। তাই পাকিস্তান আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই যা জানা গেল, তাতে পাকিস্তানের দাবিকে পুরোপুরি সত্যি বলা যাচ্ছে না।
গত দুদিন ধরে পাইক্রফটকে নিয়েই আইসিসি এবং পিসিবির মধ্যে টানাপোড়েন চলছিল। পিসিবি টুর্নামেন্ট থেকে পাইক্রফটকে সরানোর দাবি জানালেও আইসিসি সেটা খারিজ করেছে। এটা না করলে আরব আমিরাত ম্যাচ বর্জনের হুমকিও দেয় পাকিস্তান। তারপর ম্যাচের আগে হুট করে পিসিবি জানায়, পাইক্রফট নাকি তাদের কাছে ক্ষমা চেয়েছেন। তাই তার দায়িত্ব পালনে পিসিবির আপত্তি নেই।
এদিকে ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র এবং ‘ক্রিকবাজ’ জানিয়েছে, পাইক্রফট ক্ষমা চাননি। পিসিবির বিবৃতিতে যে সভার কথা বলা হয়েছে, সেখানে ম্যাচ রেফারি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে। ক্ষমা চাওয়ার মতো কিছু ঘটেনি। আইসিসির এক সূত্র বলেছেন, ‘ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে এমন একজনের থেকে যার কোনো দোষ নেই।’
পিসিবি প্রথমে একটি ভিডিও পোস্ট করেছিল, যাতে দেখা যায়- পাকিস্তানের অধিনায়ক সালমান আগা, ম্যানেজার নাভিদ আকরাম চিমা, কোচ মাইক হেসন এবং আরও দুই-একজন কর্মকর্তার সঙ্গে দুবাই স্টেডিয়াম সংলগ্ন একটি কক্ষে কথা বলছেন পাইক্রফট। সেখানেই জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তথা ম্যাচ রেফারি পাইক্রফট তাদের কাছে ক্ষমা চান বলে দাবি করেছে পাকিস্তান।
অবশ্য পিসিবির পোস্ট করা সেই ভিডিওতে কারও কথা শোনা যায়নি। তাই কে কী বলছেন, ওই ভিডিও থেকে সেটা বোঝার উপায় নেই। পাইক্রফটের আচরণেও ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পাকিস্তানের চাপে পাইক্রফটকে সরিয়ে দেওয়া হলে আইসিসির স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। তাই আইসিসি স্পষ্ট জানিয়েছে, ম্যাচ রেফারি ঠিক করা পুরোপুরি আইসিসির দায়িত্ব। কোনো চাপের কাছে নতিস্বীকার অসম্ভব।
পিসিবির বিবৃতিতে পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির তদন্ত শুরুর কথাও বলা হয়েছে। তবে আইসসিই সূত্র জানিয়েছে, পাকিস্তানের অভিযোগ সত্য নয় এবং কোন আনুষ্ঠানিক তদন্ত এখনও শুরু হয়নি। পিসিবি দাবি করেছিল, ভারত-পাকিস্তান ম্যাচের আগে ও পরে বিভিন্ন ঘটনার তদন্ত করতে। জবাবে আইসিসি জানতে চায়, কী বিষয়ে, কার বিরুদ্ধে এই তদন্ত হবে? পিসিবি নাকি এর যৌক্তিক জবাব এখনো দিতে পারেনি।