ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অবস্থিত খৈয়ারসা লালপুর সড়কের মোদকবাড়ি মোড় থেকে বিরাসার বাসস্টেশন পর্যন্ত সড়ক যেন মরণ ফাঁদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়কে যাতায়াতকারী মানুষের ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শিক্ষার্থীদের দুর্দশার যেন শেষ নেই। দীর্ঘদিন কোন কাজ না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে অল্প বৃষ্টিতেই পানি জমে থাকার কারণে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, পৌরসভায় অবস্থিত মোদকবাড়ি মোড় থেকে বিরাসার বাসস্টেশন মোড় পর্যন্ত এক কিলোমিটার। সড়কটি জেলা পরিষদের পৌরসভায় অবস্থিত।
প্রতিদিন কলেজে যাতায়াতকারী মো. সাকিব বলেন, দীর্ঘদিন বিরাসার বাস স্টেশন থেকে পুরাতন জেল রোড পর্যন্ত সড়কটি বাজে অবস্থা। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এই সড়কে। এলাকার মানুষজন পৌরসভার কাছে কয়েকবার গিয়েছে কিন্তু কোন কাজ হচ্ছেনা।
গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র মো. রিয়াজ আহমেদ বলেন, এই সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে রিকশা উল্টে যায়। আমাদের ছাত্রদের জন্য হলেও দ্রুত যেন সড়কটি মোরামত করে দেওয়া হয়।
পথচারী লাইলী বেগম বলেন, এই সড়কের অবস্থা খুবই খারাপ। এই সড়কটি দিয়ে চলাচলে আমাদের সকলেরই সমস্যা। তিনি আশা করেন দ্রুত সরকার সড়কটি ঠিক করে দিবেন।
সড়কের পাশে মা সাদিয়া ট্রেডার্সের মালিক সোহেল মিয়া বলেন, ব্যবসা-বানিজ্য খুব খারাপ। ঢাকা থেকে মালমাল আসতে পারেনা। কাস্টমার তো আসেই না। প্রতিনিয়ত গাড়ি ভেঙে পড়ে থাকে। তিনি প্রশাসনের কাছে আবেদন জানান যেন দ্রুত সড়কটি মেরামত করে দেন।
পৌরসভা ও জেলা পরিষদের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কটি জেলা পরিষদের হলেও পৌরসভায় অবস্থিত। জেলা পরিষদের কাজ সময় সাপেক্ষে হয়ে থাকে এবং ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ করতে হয়। সড়কটি পৌরসভার মধ্যে গুরুত্বপূর্ণ হওয়ায় পৌরসভার বিভিন্ন আয়ের অংশ থেকে বড় বড় গর্তগুলো সংস্কার করে দিলে মানুষদের দুর্ভোগ কমে।
তারা আরও বলেন, সড়কটিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা চিন্তা করে হলেও পৌরসভার প্রশাসক চাইলে পৌরসভা, জেলা প্রশাসক অথবা ইউএনও থেকে বরাদ্দ নিয়ে সংস্কার করে দিতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আহম্মেদ বলেন, সড়কটি পৌরসভার মধ্যে পড়লেও এটি জেলা পরিষদের। তিনি জেলা পরিষদের সঙ্গে কথা বলতে এই সাংবাদিককে অনুরোধ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, মোদকবাড়ি মোড় থেকে বিরাসার পর্যন্ত এক কিলোমিটার সড়কটির টেন্ডার হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।