নুরাল পাগলার দরবারে চুরি হওয়া জেনারেটরসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

 বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।  

গ্রেপ্তার মো. মিজানুর রহমান তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের লক্ষ্মীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ একজন নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই রাতে থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে ৩ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নিহত খাদেম রাসেল মোল্লার বাবা বাদী হয়ে হত্যাসহ অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, চুরি ও জখমের অভিযোগে অজ্ঞাত সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এই মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 

রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, নুরাল পাগলার দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। এখানে কোন নিরাপদ মানুষকে গ্রেপ্তার
করা হবে না।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলা ঢাকায় মারা যান। পরের দিন গোয়ালন্দে তার দুইদফা জানাজা হয়। পরে দরবার শরীফে বিশেষভাবে তার কবর দেওয়া হয়। এ ঘটনার পর থেকে কবরের রং পরিবর্তন, কবর নিচু করা প্রভৃতি দাবি নিয়ে তৌহিদী জনতার ব্যানারে আন্দোলন শুরু করা হয়। ইমান আকীদা সংরক্ষণ কমিটির উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাব ও গোয়ালন্দে সংবাদ সম্মেলন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকও করা হয়। পরে ইমান আকীদা সংরক্ষণ কমিটির দাবি মেনে নিয়ে কবরের রং ও উচ্চতা পরিবর্তন করা হয়। ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ বীরমুক্তিযোদ্ধা আনসার আলী ক্লাব মাঠে সমাবেশ করে ইমান আকীদা সংরক্ষণ কমিটি। এ সময় জামায়াত, বিএনপি, এনসিপির, ইসলামী আন্দোলনসহ ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।  

সমাবেশ শেষ হওয়ার আগেই একটি অংশ নুরাল পাগলার দরবারে হামলা চালায়। হামলাকারীরা দরবারের প্রধান ফটক ভাংচুর করে ভেতরে অগ্নিসংযোগ,  মারধর ও লুটপাট চালায়। হামলায় পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে কবর থেকে মরদেহ তুলে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। 

ঘটনার পর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলী করা হয়েছে।