পল্টনে চার দাবিতে ৭ দলের বিক্ষোভ, ভোগান্তি চরমে

রাজধানীর পল্টন এলাকায় চার দাবিতে জামায়াতে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ ৭ দলের বিক্ষোভ চলছে। এতে পল্টনসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় গুলিস্তান বায়তুল মোকাররম গেট থেকে এই বিক্ষোভ কর্মসূচির শুরু হয়। ইসলামী ছাত্র আন্দোলনের দাবিগুলো হলো জুলাই সনদ কার্যকর, রাষ্ট্রের সংস্কর, পিআর পদ্ধতিতে নির্বাচন ও অভ্যুত্থানে শহীদদের হত্যার দ্রুত বিচার কার্যক্রম। 

এর আগে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে বলে জানায় জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের কারণে পল্টন, সচিবালয় মতিঝিল গুলিস্তানসহ আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে যানবাহন থেকে নেমে অনেকে গন্তব্য যাচ্ছেন হেটে। 

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন।