সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে সুমাইয়া খাতুন নামের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। এই হত্যা মামলায় আরেক আসামি সাহিদা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন কামারখন্দ উপজেলার পাইকোসা পূর্বপাড়া গ্রামের আবু তালহার ছেলে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর  প্রসিকিউটর (পিপি) অ্যাড মো. মাসুদুর রহমান (মাসুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভি প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইসমাইল তার স্ত্রীকে নির্যাতন করতেন। এক পর্যায়ে ২০২০ সালের ১৯ জুন দুপুরে সুমাইয়া খাতুন সুরুভিকে শ্বাসরোধে হত্যা করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামীসহ তার পরিবারের সদস্যরা। এ ঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিচারক এ রায় দেন।