ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাস চলাচলে প্রশাসনের ৮ শর্ত

ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া চলাচলের কারণে সেলফি পরিবহনের বাস নিয়ন্ত্রণে প্রশাসন নতুন ৮টি শর্ত আরোপ করেছে। এ পরিবহনের বাস চাপায় শিক্ষার্থী নিহত, মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি ও জনতার দাবির প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ত্রিপক্ষীয় বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক যুগ আগে সেলফি পরিবহন নামে বাস সার্ভিস চালু হয়। বর্তমানে প্রায় তিন'শ বাস চালু রয়েছে। বেপরোয়া গতি, অধিক ভাড়া আদায়, যেখানে সেখানে যাত্রী উঠানামা, যাত্রী ও সাধারণ ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। গত ১৫ সেপ্টেম্বর পাটুরিয়া আরসিএল মোড়ে সেলফি বাসের চাপায় স্থানীয় তেওতা একাডেমীর এক শিক্ষার্থী নিহত হয়। ক্ষুব্ধ জনতা ও পরিবারের লোকজন বুধবার (১৭ সেপ্টেম্বর) উথলী মোড়ে মানববন্ধন বিক্ষোভ প্রদর্শনকালে প্রায় দুই ঘণ্টা যান চলাচলে ব্যাহত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত হয়। এরপর সন্ধ্যায় উপজেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা, বাস মালিক-চালক নেতৃবৃন্দ ও ভুক্তভোগীদের সমন্বয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুনির্দিষ্ট ৮টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  

উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে- বাস কর্তৃপক্ষ ও সরকারি ৫ লাখ টাকা নিহত পরিবারের সদস্যদের প্রদান করা হবে। এছাড়া, গাড়ির গতিসীমা নির্ধারণ স্টিকার লাগানো, উথলী মোড়-বাসস্ট্যান্ডে একাধিক বাস না রাখা, লাইসেন্সবিহীন চালক,  ফিটনেস ও রুট পারমিটবিহীন গাড়ি পরিচালনা বন্ধ, মাদকাসক্ত চালক-হেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যাত্রী-শিক্ষার্থীদের দুর্ব্যবহার বন্ধ ও উপজেলা প্রশাসন এবং থানা কর্তৃক চালক প্রশিক্ষণ ব্যবস্থা।

সভায় শিবালয় সার্কেল এএসপি সাদিয়া সাবরিনা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, ওসি মো. কামাল হোসেন, হাইওয়ে পুলিশ, সেলফি পরিবহনের কোম্পানির পরিচালক মো. দ্বীন ইসলাম, নিহত রিয়াদের বাবা করিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, সেলফি পরিবহন পরিচালনার ক্ষেত্রে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হয়। এতে ৮টি শর্ত আরোপ করা হয়েছে। এগুলো মেনে বাস পরিচালনা করতে হবে।

এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যানবাহন আইনে অপরাধের দায়ে ভ্রামমাণ আদালত ১৪টি গাড়ি থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে।