চট্টগ্রামের কর্ণফুলী

নিষিদ্ধ দলের কাউকে বাসা ভাড়া না দিতে মাইকিং, পুলিশ বলছে ভুল প্রচার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করা হয়েছে। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই কাজের সহযোগী হিসেবে বাড়ির মালিককেও আটক করা হবে বলে মাইকিংয়ে বলা হয়েছে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় কর্ণফুলী থানার পক্ষে এই মাইকিং করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে বিষয়টি ভুলভাবে প্রচার করা হয়েছে বলে জানিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য থানায় জমা না দিলে শাস্তি পেতে হবে বাড়ির মালিকদের। ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই ছিল। কর্ণফুলীবাসীর নিরাপত্তার জন্য এখন তা আরও জোরালো করা হচ্ছে।’

এর আগে বুধবার বিকাল থেকে পুরো উপজেলায় সিএমপি পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়। এতে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে এনআইডিসহ অন্যান্য পরিচয়পত্র থানায় জমা দিতে হবে। এনআইডি জমা ছাড়া কোনো ভাড়াটিয়াকে বাসা ভাড়া দেওয়া যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোনো সন্ত্রাসী কাজ করলে বাড়ির মালিককেও তার দায় দায়িত্ব নিতে হবে।

অপর একটি মাইকিং ভিডিওতে বলতে দেখা যায়, এতদ্বারা সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, অত্র কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া বাসা ভাড়া নিতে আসলে সে ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে-নির্দেশক্রমে কর্ণফুলী থানা।

তবে মাইকিংয়ের ভিডিওর বিষয়ে ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘আমরা এ ধরনের কোনো নির্দেশ দেইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে।’