রাজবাড়ীর গোয়ালন্দে নুুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় জেনারেটরসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দঘাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার মিজানপুর থেকে মিজানুর রহমান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগিসংযোগসহ একজন নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই রাতে থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, নুরাল পাগলার দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলা ঢাকায় মারা যান। পরের দিন গোয়ালন্দে তার দুই দফা জানাজা হয়। পরে দরবার শরিফে বিশেষভাবে তার কবর দেওয়া হয়। এ ঘটনার পর থেকে কবরের রঙ পরিবর্তন, কবর নিচু করা প্রভৃতি দাবি নিয়ে তৌহিদি জনতার ব্যানারে আন্দোলন শুরু হয়। একপর্যায়ে কবর থেকে মরদেহ তুলে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে ফেলা হয়।