সরকারি ও বেসরকারি শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী অটোমোবাইল ও অ্যাগ্রো মেশিনারিজ মেলা-২০২৫। শনি ও রবিবার তেজগাঁওয়ে সংগঠনটির নিজস্ব ভবনে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ের বিসিআই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার তথ্য জানান বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।
সংবাদ সম্মেলনে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশে বর্তমান ২৬ বছর গড় বয়সের আট কোটি মানুষ রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ, দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে বিসিআইয়ের উদ্যোগে এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সহযোগিতায় আগামী এ মেলাটির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, তেজগাঁওয়ের এডিসন প্রাইম ভবনের টপ ফ্লোরে ২০ সেপ্টেম্বর মেলার উদ্বোধন করা হবে, এ ভবনটিতেই বিসিআই কার্যালয়। পরদিন বিকেলে মেলার সমাপনী।
বিসিআই জানায়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিশেষ অতিথি থাকবেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমানসহ সব বিভিন্ন ব্যবসায়ী নেতা। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এ মেলায় অটোমোবাইল, অ্যাগ্রিকালচার মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ব্যবসায়ীদের ২৬টি স্টল থাকবে। তাছাড়া এসব শিল্পের সহায়ক হিসেবে বিটাক বুয়েট মোবাইল ক্লাব, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এসএমই ব্যাংকিং খাতে ঋণ প্রদানকারী কয়েকটি ব্যাংক তাদের বুথ স্থাপন করবে। মোট স্টলের সংখ্যা ৩৮টি।
এ মেলার মাধ্যমে অটোমোবাইল, অ্যাগ্রিকালচার মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের শিল্প উদ্যোক্তারা পরস্পরের চাহিদা ও সক্ষমতা জানতে পারবেন। সরকারের নীতিনির্ধারণ পর্যায়ে ব্যক্তিরা এ খাতের সমস্যাগুলো জানতে পারবেন এবং এর মাধ্যমে আমাদের আমদানিনির্ভরতা কমানো, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ তিনটি সেক্টর এবং এ তিনটি সেক্টরের সঙ্গে সহযোগী অন্যান্য সেক্টর ও প্রতিষ্ঠানগুলো নবোদ্যমে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।