পিকাসোর আঁকা ছবি নিলামে, দাম ১০০ কোটি টাকা!

বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি অসাধারণ ছবি নিলামে উঠতে যাচ্ছে। ছবিটির নাম ‘বাস্ত অব আ উইমেন উইথ আ ফ্লাওয়ারি হ্যাট’। ধারণা করা হচ্ছে, এর দাম প্রায় ৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি টাকা। ছবিটি নিলামে তুলছে ফ্রান্সের একটি বিখ্যাত নিলাম ঘর।

কী আছে এই ছবিতে?

ছবিতে দেখা যাচ্ছে ডোরা মার নামে একজন ফরাসি নারীকে। তিনি ছিলেন পিকাসোর ভালোবাসার মানুষ ও ছবির মডেল। ডোরা ছিলেন একজন ফটোগ্রাফার, কবি এবং চিত্রশিল্পীও। পিকাসো ১৯৪৩ সালের ১১ জুলাই ছবিটি এঁকেছিলেন। এরপর একজন ফরাসি সংগ্রাহক এটি কিনে নেন, যা এত দিন সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল।

একজন পিকাসো বিশেষজ্ঞ জানিয়েছেন, এই ছবিটি আগে কখনো কোনো প্রদর্শনীতে দেখানো হয়নি। শুধু পিকাসোর স্টুডিওতেই এটি ছিল। এটি এমন একটি ছবি, যা দিয়ে শিল্পকলার ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল।

ছবিতে ডোরাকে বিষণ্ণ দেখা যাচ্ছে। কারণ, তখন পিকাসো তাঁকে ছেড়ে তরুণ শিল্পী ফ্রাঙ্কোইস গিলোটের দিকে ঝুঁকছিলেন। ডোরা ছিলেন পিকাসোর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নারী। তাঁদের সম্পর্ক ছিল প্রায় ৯ বছরের। পিকাসো ডোরাকে নিয়ে প্রায় ৬০টি ছবি এঁকেছিলেন। এর মধ্যে ‘দ্য উইপিং উইমেন’ ছবিটিও খুব বিখ্যাত। তাঁদের বিচ্ছেদ হওয়ার পর ডোরা খুব ভেঙে পড়েছিলেন।

পিকাসোর ছবি বিক্রি হলে বোঝা যায় যে বিশ্বজুড়ে ছবির বাজার কেমন যাচ্ছে। সম্প্রতি ছবির বাজার কিছুটা কমে গেছে। গত বছর পিকাসোর ছবি বিক্রি হয়েছিল প্রায় ৬০০ মিলিয়ন ডলারের। আর এই বছর তা নেমে এসেছে ২২৩ মিলিয়ন ডলারে।

তবে এখনও পিকাসোর ছবির দাম অনেক। তাঁর একটি ছবি ২০১৫ সালে প্রায় ১৮০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। যে পরিবার ছবিটি বিক্রি করছেন, তারা উত্তরাধিকারসূত্রে সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য এটি নিলামে তুলেছেন।