গুপ্তচর ও গোপন তথ্য সংগ্রহ করতে এবার এক নতুন কৌশল হাতে নিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬। তারা ডার্ক ওয়েবে একটি বিশেষ পোর্টাল চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে রাশিয়া ও বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ‘সাইলেন্ট কুরিয়ার’ নামে এই প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, এর প্রধান উদ্দেশ্য হলো ডার্ক ওয়েবের পরিচয় গোপন রাখার সুযোগকে কাজে লাগানো। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সম্ভাব্য গুপ্তচর, সবাই নিরাপদে এমআই৬-এর কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে পারবে।
এই পোর্টালে অবৈধ কার্যকলাপের খবর বা নিজেদের গুপ্তচর হিসেবে কাজ করার আগ্রহের কথা জানানো যাবে। এমআই৬-এর বিদায়ী প্রধান স্যার রিচার্ড মুর ইস্তাম্বুলে এটি উদ্বোধন করবেন। তিনি বলেন, ‘বিশ্বের অস্থিরতা, সন্ত্রাসবাদ বা শত্রুভাবাপন্ন রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে সংবেদনশীল তথ্য থাকলে আপনারা আমাদের সঙ্গে অনলাইনে নিরাপদে যোগাযোগ করতে পারেন। আমাদের ভার্চুয়াল দরজা আপনাদের জন্য খোলা।’
কীভাবে এই পোর্টাল ব্যবহার করতে হবে, তার বিস্তারিত নির্দেশনা এমআই৬-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তবে সংস্থাটি ব্যবহারকারীদের নিজেদের নিরাপত্তার জন্য ভিপিএন এবং ব্যক্তিগত নয় এমন ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘বিশ্বের হুমকিগুলো বাড়ছে, তাই আমাদের সব সময় শত্রুদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হবে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এমআই৬ এখন সারা বিশ্বে নতুন গুপ্তচর নিয়োগ করতে পারবে।’
প্রসঙ্গত, এমআই৬ ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৯০-এর আগে এর কার্যক্রম গোপন রাখা হয়েছিল। সংস্থাটির প্রধান ছাড়া অন্য কোনো সদস্যের পরিচয় প্রকাশ করা হয় না। এর আগে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-ও একই ধরনের কৌশল ব্যবহার করে রাশিয়ার সম্ভাব্য গুপ্তচরদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল।