‘ক্যারিয়ারের শেষ চুক্তি’ করতে যাচ্ছেন মেসি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি খুব শীঘ্রই ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন, যেটাকে তার ‘ক্যারিয়ারের শেষ চুক্তি’ বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইএসপিএন -এর খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই দুই পক্ষের আলোচনা অনেক দূর এগিয়েছে। কিছু ছোট খুঁটিনাটি বিষয়ে চূড়ান্ত সম্মতি হয়ে গেলে চুক্তিটি মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হবে।

ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ মাস ইতিমধ্যেই বলেছেন, তারা সবরকম চেষ্টা করবে যাতে মেসি চুক্তি নবায়ন করেন এবং তার ক্যারিয়ার এমএলএস-এ শেষ হয়। তিনি ইএসপিএনকে বলেন, ‘আমার আগের ইচ্ছা ছিল যে আমাদের নতুন স্টেডিয়াম উদ্বোধনে নম্বর ১০ খেলোয়াড় উপস্থিত থাকুক। সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির হাতে। আমরা চাই মেসি এখানেই ক্যারিয়ার শেষ করুন। কয়েক মাস আগে বলেছিলাম গ্রীষ্মের মধ্যে কিছু খবর পাবো, আশা করি সেটা যত শীঘ্র সম্ভব হবে।’

২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। তার বর্তমান চুক্তি ২০২৫ এমএলএস মৌসুম পর্যন্ত। ‘ইউএস টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এবার মায়ামির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন। করবেন, যার মেয়াদ হবে ২০২৭ সাল পর্যন্ত। শুধু তাই নয় চুক্তি শেষে তিনি নাকি জর্জ মাস, হোসে মাস এবং ডেভিড বেকহ্যামের সঙ্গে মায়ামির সহ-মালিক হয়ে যাবেন!

মেসি দুই বছর আগে ইন্টার মিয়ামিতে চুক্তি স্বাক্ষর করার সময়ই ক্লাবের সহ-মালিক হওয়ার শর্ত মেনে নিয়েছিলেন। ২০২৭ সালে তার বয়স হবে ৪০ বছর। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি যোগদানের পরই ইন্টার মিয়ামিকে ২০২৩ লিগস কাপ শিরোপা জিতিয়েছিলেন। ক্লাবটির ইতিহাসে তিনিই সর্বকালের সেরা গোলদাতা (৬২ গোল)। সেইসঙ্গে অ্যাসিস্ট করেছেন ২৯টি।