বিলাসবহুল ক্ল্যাসিক ফেরারি নিয়ে বেনফিকায় ফিরলেন মরিনহো

‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত বিখ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহো ২৫ বছর পর আবারও নিজের শেকড়ে ফিরেছেন। তিনি এখন পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রধান কোচ। মরিনহোর ঘরে ফেরার সাথে আলোচনায় এসেছে তার বিলাসবহুল ফেরারি গাড়িটি। সেই গাড়ি চেপেই তিনি বেনফিকার অনুশীলন মাঠে উপস্থিত হন।

প্রায় ৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই গাড়িটি ২০০৭ সালে মরিনহোকে উপহার দিয়েছিলেন তৎকালীন চেলসি মালিক রোমান আব্রামোভিচ। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা। চেলসি ছাড়ার পর পরই উপহার পাওয়া সেই ক্লাসিক গাড়িতেই মরিনহো উপস্থিত হন সেইক্সাল ট্রেনিং সেন্টারে, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বেনফিকার নতুন প্রধান কোচ হিসেবে উপস্থাপন করা হয়।

দুই বছরের চুক্তিতে বেনফিকার কোচ হয়েছেন মরিনহো, যদিও প্রথম বছরের শেষে এক্সিট ক্লজও রাখা হয়েছে। পরিচত পর্বে মরিনহো বলেন, ‘আমার ভেতরে অনেক আবেগ কাজ করছে, কিন্তু অভিজ্ঞতা আমাকে সেই আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। বেনফিকাকে আমি আবেগ দিয়ে নয়, সরলভাবে দেখতেই চাই। আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ।’মরিনহোর সেই ফেরারি ৬১২ স্কাগলিয়েত্তি।

সাবেক ইংলিশ ফুটবলার জো কোল ইংলিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’কে বলেছেন, মরিনহোর স্বপ্নের এই গাড়িটি চেলসিতে থাকাকালে মরিনহো মজার ছলে তাকে এই মডেলের গাড়িটি কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ২০০৭ সালে চেলসি থেকে বরখাস্ত হওয়ার ছয় মাস পরই আব্রামোভিচ তাকে এই গাড়িটি উপহার দেন। এভাবেই পূরণ হয় মরিনহোর স্বপ্ন।

ফেরারি ৬১২ স্কাগলিয়েত্তি মডেলের এই গাড়িটি ২০০৪ সালে ডেট্রয়েট মোটর শোতে প্রথম সামনে আনা হয়। চার সিটের গাড়িটির বডি হালকা কিন্তু দৃঢ় অ্যালুমিনিয়ামে তৈরি। প্রায় তিন মিটার হুইলবেস, এবং ৫.৭ লিটার ভি-১২ ইঞ্জিন মিলিয়ে এটি ছিল ফেরারির তৎকালীন সবচেয়ে ব্যয়বহুল মডেল। ৬ বছরেরও বেশি সময় ধরে এই মডেলের মোট ৩,০২৫টি ইউনিট তৈরি হয়েছিল, যার মধ্যে মাত্র ১৯৯টি ছিল ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত। পরে ২০১১ সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে নতুন ফেরারি এফএফ মডেল আনে ফেরারি।