ড্রিম কাপল! বরের সঙ্গে ছবি প্রকাশ করলেন ফারিয়া!

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। এ খবর ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। তবে তার স্বামী কে বা কেমন, তা দেখার আগ্রহ ছিল অনেকের। এবার সেই ছবি প্রকাশ পেয়েছে। অফ-হোয়াইট পোশাকে নবদম্পতি অসাধারণ আভিজাত্যপূর্ণ দেখাচ্ছিল। একটি পাঁচতারকা হোটেলে তারা তাদের বিয়ের ফটোসেশন করেন।

বিয়ের দিন শবনম ফারিয়া পরেছিলেন অফ-হোয়াইট রঙের ভারী কাজ করা একটি শাড়ী। সঙ্গে ছিল সোনার গলাজোড়া গয়না। তার স্বামীও একই রঙের পাঞ্জাবি-পাজামা ও কোটি পরিহিত ছিলেন। দুজনের হাতেই শোভা পাচ্ছিল বাগদানের আংটি।

অভিনেত্রী জানান, ঢাকার অদূরেই মাদানি অ্যাভিনিউতে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের কয়েকজন নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।

ফারিয়া জানান, এটি ছিল একেবারেই হঠাৎ সিদ্ধান্ত। তাই খুব সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়ের পর মসজিদে উপস্থিত সবাইকে বাদাম ও খেজুর খাওয়ান অভিনেত্রী। ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ে সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল, আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়েবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।

‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, হঠাৎ বিয়ের সিদ্ধান্ত হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে আসতে পারেননি, কারণ তিনি এখন দেশের বাইরে। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। নতুন যাত্রা শুরুর জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন তিনি।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া পরবর্তীতে অভিনয় জগতে পা রাখেন। একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ফারিয়া হারুনুর রশীদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিক বিয়ের মাত্র ১ বছর ৯ মাস পরেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।