শিবালয়ে ৮৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এ বছর ৮৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক মতবিনিময়সভার আয়োজন করে শিবালয় থানা পুলিশ।

জানা গেছে, গত বছর উপজেলায় ৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর ৪টি বৃদ্ধি পেয়ে মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫টি। এর মধ্যে শিবালয় ইউনিয়নে ৯টি, উলাইল ১২টি, শিমুলিয়া ৬টি, তেওতা ১১টি, উথলী ২০টি, আরুয়া ১৭টি ও মহাদেবপুরে ১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেণ কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জামায়াত আমির হাতেম আলী, যুবদল আহ্বায়ক হোসেন আলী ও পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মালো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। শৃঙ্খলা রক্ষা, মাদক সেবীদের উৎপাত রোধ, চুরি-ছিনতাই, ইভটিজিংসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশি টহল জোরদার থাকবে। এছাড়া প্রতিটি মণ্ডপে জরুরি টেলিফোন নম্বর প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে।