ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফকে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার কথা ছিল। একই সময়ে তিন ঘণ্টার জন্য আইসিসি একাডেমিতে পাকিস্তানের অনুশীলনও নির্ধারিত ছিল। অনুশীলন যথারীতি হবে, তবে সংবাদ সম্মেলন আর হচ্ছে না।
কারণ স্পষ্ট নয়, তবে টানা দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যায়নি দলটি। তখনই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে “হ্যান্ডশেক বিতর্ক” নিয়ে উত্তেজনা চলছিল।
পাইক্রফটই আবার রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে থাকছেন। যদিও এর মধ্যেই বিষয়টি শান্ত করার চেষ্টা করেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে কোচ, অধিনায়ক, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারদের সঙ্গে পাইক্রফটের বৈঠক করানো হয়। সেখানে তিনি ভারতের বিপক্ষে টসের সময়ের ঘটনাকে দুঃখপ্রকাশ করে ব্যাখ্যা দেন। পাকিস্তান ব্যাখ্যাটিকে ক্ষমা প্রার্থনা হিসেবে প্রচার করে একটি ভিডিওও প্রকাশ করে। তবে সেটি আইসিসির অপছন্দ হয়েছে। তারা অভিযোগ তোলে, প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে পিসিবি প্রটোকল ভেঙেছে। এ নিয়ে পিসিবি কোনো জবাব দিয়েছে কি না, তা নিশ্চিত নয়।
অন্যদিকে ভারতও আজ (শনিবার) সংবাদ সম্মেলন করবে না। কারণ হিসেবে তারা জানায়, একদিন বিরতির পর পরের ম্যাচ খেলা দলের জন্য আগের ম্যাচের পরই আগাম সংবাদ সম্মেলন করা নিয়মতান্ত্রিক। ওমানকে হারানোর পর শুক্রবার রাতেই তারা সেই সংবাদ সম্মেলন করেছে।
নির্বাচক প্যানেলে হাসিবুল হোসেন শান্ত, প্রথমবার সালমা খাতুন
'রুম বন্ধ করো, মোবাইল অফ করে ঘুমিয়ে পড়ো’– পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমারের মন্ত্র