বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্সিলর বা সাধারণ পরিষদে ক্লাবের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী ৪ অক্টোবর বিসিবি’র পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 

বিসিবি’র ঘোষিত তফশিলে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও অনিবার্য কারণেই সেটা প্রকাশে বিলম্ব হবে। কারণ বিসিবি কাউন্সিলর মনোনয়নপত্র জমাদানের সময়সীমা দ্বিতীয় দফায় বাড়িয়ে ২২ সেপ্টেম্বর সোমবার ধার্য্য করেছে। ফলে অন্যান্য প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরদের মনোনয়নে এখনো চলছে টানাপোড়েন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রভাব বিস্তারের চেষ্টা যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক চাপও বিদ্যমান। সৃষ্টি হয়েছে আইনি জটিলতাও। সব মিলিয়ে বিসিবি নির্বাচনকে ঘিরে সরকার এবং বিএনপি দুই পক্ষেই চলছে দড়ি টানাটানি।

২৩ জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়ে আসবেন ৩টি ক্যাটাগরিতে, ২ জন সরাসরি পরিচালক হবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এই ২৫ জন মিলেই ভোটাভুটির মাধ্যমে বেছে নেবেন বোর্ড সভাপতি। অতীতে বোর্ড সভাপতি নির্বাচন ছিল মূলত আনুষ্ঠানিকতা, কারণ সবাই সর্বসম্মতি ক্রমেই নাজমুল হাসান পাপনকে বেছে নিতেন। তবে এইবার মূলত লড়াইটা বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল এর ভেতর।

তামিম ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। তিনি কাউন্সিলর হয়েছেন প্রথম বিভাগ লিগের দল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর, একসময় যে দলের হয়ে তিনি খেলেছেন। তামিম নিজে একটি ক্লাবেরও মালিক, গুলশান ক্রিকেট ক্লাব। সেই দলের প্রতিনিধি ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। এছাড়া তামিম এর ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সাংবাদিক মিনহাজউদ্দিন খান হয়েছেন দ্বিতীয় বিভাগের দল রায়ের বাজার অ্যাথলেটিক এর কাউন্সিলর। 

মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) এর সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তানজিল চৌধুরি, তিনি একই সঙ্গে প্রাইম ব্যাঙ্কের চেয়ারম্যান। পারটেক্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর আজিজ আল কায়সার টিটো, তিনি সিটি ব্যাংকের চেয়ারম্যান। তারই ভাই শওকত আজিজ রাসেল অ্যাম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর, তিনি অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি। তিনি নোয়াখালী-৩ আসনেও বিএনপির সংসদ সদস্য পদ প্রত্যাশী। দ্বিতীয় বিভাগে খেলা বিকেএসপি’র কাউন্সিলর লিটন দাসদের কোচ  মন্টু দত্ত।