বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসিবুল হোসেন শান্তকে। সেই সঙ্গে নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সালমা খাতুনকে। নির্বাচক হিসেবে নিয়োগ পেয়ে অবসরের ঘোষণাও দিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটের প্রতীক হয়ে ওঠা সালমা।
হাসিবুল হোসেন শান্ত বেশ লম্বা সময় ধরেই বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন। ২০২০ সালে বাংলাদেশের যে দলটা অনূর্ধ-১৯ বিশ্বকাপ জেতে, সেই দলটার নির্বাচকদের একজন ছিলেন সাবেক এই পেসার। তার বাছাই করা বেশ কয়েকজন ক্রিকেটারই এখন খেলছেন জাতীয় দলে। তাই একদিক থেকে শান্তর কাজটা সহজ। দেশ রূপান্তরকে শান্ত জানিয়েছেন, ‘আসলে ঠিক কতদিনের জন্য আমার নির্বাচক হিসেবে নিয়োগ এটা ঠিক জানা নেই। বুলবুল ভাই (আমিনুল ইসলাম) যখন বললেন যে আমি লিপু ভাইদের সঙ্গে কাজ করতে পারব কি না আমি বলেছি আমার কোনো অসুবিধা নেই। আশা করি আমি আমার কাজটা ভালোভাবে করতে পারব।’ বাংলাদেশে নির্বাচকদের দায়িত্বে থাকার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্সের দায়টা অনেক সময়ই তাদের ওপর বর্তায়। শান্ত নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগ দেওয়ার পর তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করা। এই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়ে কোচিং-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন হান্নান সরকার। তারই শূন্য স্থান পূরণ করলেন হাসিবুল হোসেন শান্ত। খেলোয়াড় বাছাইয়ে তার দর্শন সম্পর্কে শান্ত দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘আমার লক্ষ্য থাকবে এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়া যারা লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলতে পারবে। এক ম্যাচ ভালো করে তিন ম্যাচ খারাপ করবে এমন ক্রিকেটার নয় বরং ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবে এ রকম খেলোয়াড় বাছাই করাটাই আমার লক্ষ্য।’
নির্বাচক হয়েছেন সালমা খাতুনও। বাংলাদেশের হয়ে ৪৬ ওয়ানডে আর ৯৫টা টি-টোয়েন্টি খেলা সালমাকে বছর দুয়েক ধরে দেখা যাচ্ছে না জাতীয় দলে। বয়সটাও পঁয়ত্রিশ ছুঁই ছুঁই। ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন সালমা, নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর দিলেন অবসরের ঘোষণা, ‘আসলে আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম বিসিবির কোচ বা আম্পায়ার এ রকম কোানো একটা চাকরি পেলে তখন অবসরের ঘোষণা দেব। তাই আমি আজ অবসরেরও ঘোষণা দিয়েছি।’ মেয়েদের ক্রিকেটে প্রথমবার কোনো নারী নির্বাচক নিয়োগ দিল বিসিবি, এই প্রথম হওয়াটা সালমার কাছে খুবই গর্বের। সে জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সদ্য সাবেক হওয়া এই অলরাউন্ডার। সালমা কাজ করবেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে।