দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর গুরুদাসপুরের সেই ওসি বদলি

নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে থানা থেকে সরিয়ে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। পরে রাতেই বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়।  

সভায় উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তার ওপর অনাস্থা জানিয়ে প্রত্যাহারের দাবি জানান। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত বৃহস্পতিবারে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ওসির কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচনায় আসে। শেষ পর্যন্ত জনস্বার্থ বিবেচনায় শনিবার তাকে গুরুদাসপুর থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। 

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা সভায় উত্থাপিত বিষয়গুলো আমলে নেওয়া হয়েছে। মানুষের অভিযোগ এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।