যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে শিলের আঘাতে হত্যায় আটক ১ 

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে একটি বাসায় হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঘাতক সাজেদুল হক সাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃদ্ধার ভাতিজা আশরাফ আলী জানান, নিহতের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামে। থাকতেন ধলপুর ওয়াসা রোড সিটি পল্লীতে। হাসিনা বেগমের স্বামী ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। সেই মেয়ে গ্রামে শ্বশুর বাড়িতে থাকে। ধলপুরের ওই বাসায় একাই থাকতেন তিনি। অন্যের বাসায় বুয়ার কাজ করতেন।

আশরাফ আলী আরও জানান, ধলপুরের ওই এলাকায় সাজেদুল হক সাজু নামে ওই যুবক ঘুরাফেরা করত। তখন হাসিনা বেগমের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয় এবং নিজের নাতির মত মনে করতেন। হাসিনাকে বাজার সদাই করে দিত। থাকত হাসিনার বাড়িতে। শনিবার সকালে টিনসেড বাড়ির ভিতর দরজা আটকিয়ে শিল দিয়ে হাসিনার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে সে। এরপর দরজা তালা লাগিয়ে পাশের দোকানে গিয়ে চা পান করছিল। কিছুক্ষণ পর আশপাশের লোকজন হাসিনাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখতে পান ঘরের ভিতর তার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। পরে দোকান থেকে সঙ্গে সঙ্গে সাজেদুলকে ধরে আনা হলে সে হত্যার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে থানায় খবর দেয়া হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর খবর পেয়ে সেখানে গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। আটক করা হয় ঘাতক সাজেদুল হক সাজুকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজেদুল একাই তাকে হত্যা করেছে। তবে কেন এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।