চন্দনাইশে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে একটি মিনি কাভার্ড ভ্যান ও একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আনোয়ারা উপজেলার সিএনজি চালক আবদুল হাকিম (৪৫), মোঃ নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি(২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে সিএনজি চালক আবদুল হাকিমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, দুর্ঘটনায় আহত ৪ জনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট জিয়া উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানায় আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।