অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিলেন কলিমউল্লাহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল আহসান কলিমউল্লাহ হাজিরা দিয়েছেন। কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও মামলার তদন্ত সংস্থা (দুদক) প্রতিবেদন দাখিল না করায় বিচারক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এদিন কাস্টডি ওয়ারেন্ট মূলে কারাগার থেকে কলিমউল্লাহকে আদালতে উপস্থিত করা হয়। হাজিরা দেওয়া শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গত ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৭ আগস্ট এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গত ১৮ জুলাই নাজমুল আহসান কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।