চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এক বছরের জন্য প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো। এসময়ের মধ্যে তিনি প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসমূহ ভোগ করবেন। এ নিয়োগ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
প্রক্টর অধ্যাপক ড. তানভীর মুহাম্মদ হায়দার আরিফের স্থলাভিষিক্ত হলেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী। এদিকে সদ্য সাবেক প্রক্টর ড. তানভীরকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. তানভীর গবেষণা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
