বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবির সভাপতির চিঠি অবৈধ ঘোষণা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে।
সম্প্রতি টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল বাদী হয়ে উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।
জানা গেছে, আগামী ৪ অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছেন আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে স্বাক্ষর দিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন বিসিবি সভাপতি। এনিয়ে বেশ কয়েকদিন আলোচনা হয়।
এদিকে, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্বাক্ষরে ৫৩টি ফর্ম জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষিত অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর না দেওয়ায় সেগুলো বাতিল করেছেন বিসিবি সভাপতি। পরবর্তীতে নিজে স্বাক্ষর করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও এটা করার সুযোগ নেই।