নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মাহমুদুল ইসলাম নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্ৰামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ফান্দাউক বাজারে ঔষধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাহিদুল। আজ সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে মাহিদুল এর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। আজ মরদেহ পাওয়া গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।